বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত প্রধান উপদেষ্টার হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
সমাবর্তন মঞ্চে প্রধান উপদেষ্টার হাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইয়াহ্ইয়া আখতার সম্মাননা সনদ, স্মারক ও ক্রেস্ট হস্তান্তর করেন।
এবারের সমাবর্তনে ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা প্রায় ২৩ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন। এছাড়া ২২ জনকে পিএইচডি ও ১৭ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়েছে।
সমাবর্তনে বক্তব্য দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। এ ছাড়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন।



