গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরের সড়কের পাশের বনবিভাগের গাছ কেটে বিক্রির অভিযোগে বনবিভাগের কথিত ‘বড় অফিসারখ্যাত বন প্রহরী’ মেহেদী হাসান রনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিভাগীয় সহকারী বন কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম।
গৌরীপুর এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমানের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা তাকে সাময়িক বরখাস্ত করেন।
তিনি জানান, গৌরীপুরের বন প্রহরী মেহেদী হাসানের বিরুদ্ধে গাছ কেটে বিক্রি করার ঘটনায় জড়িত থাকার সত্যতায় ও তদন্ত প্রতিবেদন সাপেক্ষে ১৯২৭ সালের বন আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে ০৩টি গাছ কর্তন করে বিক্রয় করে বন প্রহরী মেহেদী হাসান রনি। এলাকবাসীর অভিযোগের প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় বিক্রিত কাটা গাছ জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।
এ নিয়ে দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয় এবং রাস্তার সরকারি গাছ কাটার চোর সিনিন্ডকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সুজন (সুশাসনের জন্য নাগরিক) আহ্বায়ক রিয়াজুল হাসনাত ও যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তসলিম উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
বিষয়টি গৌরীপুর এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান তদন্ত করেন। তদন্তে বনপ্রহরী মেহেদী হাসান রনি অবৈধভাবে ৩টি গাছ কর্তন করে সাড়ে ১৬হাজার টাকায় বিক্রির বিষয়টি সত্যতা পান। এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তার নিকট লিখিত তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা বনপ্রহরী মেহেদী হাসান রনিকে সাময়িক বরখাস্ত করেন।



