চবি প্রতিনিধি: পুরান ঢাকায় চাঁদা না দেওয়ায় যুবদল নেতার দ্বারা ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর সোহরাওয়ার্দী হল, আলাওল হল, এ এফ রহমান হলে প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে বক্তব্যের মাধ্যমে সমাবেশ শেষ করেন।
এ সময় শিক্ষার্থীদের ‘ বিএনপির অনেক গুণ, দশ মাসে একশ খুন, ‘ ‘ তারেক জিয়ার অনেক গুণ, বিএনপির একশ খুন,’ আমার ভাই মরলো কেন, তারেক জিয়া জবাব দে , ‘ ‘ সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না, ‘ স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘ গত জুলাইয়ের মতো এই জুলাই এত কঠিন না। গত জুলাইয়ে আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। তোমাদের পাথর দিয়ে আমাদের দাবায়ে রাখতে পারবা না। যতবার তোমরা সন্ত্রাসী কার্যক্রম করবা ততবার আমরা বাধা হয়ে দাঁড়াব। এই বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা দিতে চাই, যারাই সন্ত্রাসী কর্মকান্ড চালাবে তাদেরই বিষ দাঁত ভেঙে দেওয়া হবে। এই নতুন বাংলাদেশে যারা অস্তিতিশীল করতে চায় তাদের অবস্থা লীগের মতো হবে।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাকিব বলেন, ‘ গত জুলাইয়ে আমরা রক্ত দিয়েছিলাম। এই নতুন বাংলাদেশে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, আধিপত্যবাদ যারা কায়েম করতে চায়, তাদের আমরা রুখে দিব। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই নতুন বাংলাদেশে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, স্বৈরাচারের ঠিকানা হবে না। ‘



