ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় নিহত ছাত্রদল নেতা সোহরাব মিয়ার হত্যাকান্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে চাতলপাড় ইউনিয়নের কাঠাঁলকান্দি গ্রামের আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক লোক অংশগ্রহণ করে।
এ সময় বক্তব্য রাখেন, মামলার বাদী মোজাহিদ হোসেন, বড় ভাই জজ মিয়া, মনু মিয়া, মুসলিম মিয়া সুজন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, গত ৫ জুলাই আধিপত্য বিস্তার করতে
কোন ধরনের উস্কানি ছাড়াই উল্টা গোষ্ঠীর আফজাল হোসেন, গিয়াস উদ্দিন, সিরাজুল ইসলামসহ তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে চাতলপাড় বাজারে মোল্লা গোষ্ঠীর লোকজনের উপর হামলা চালায়। এ সময় তারা পরিকল্পিতভাবে চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সম্পাদক সোহরাবকে খুন করে। এমনকি খুনের পর মিথ্যা লুটপাটের ঘটনা সাজিয়ে উল্টো হয়রানি করা হচ্ছে।
এছাড়াও বক্তারা পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। উল্লেখ্য এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ৯ জুলাই নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত সোহরাবের ভাই মোজাহিদ মিয়া।



