নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর পাটক্ষেত থেকে রোজা মনি (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ জুলাই) সকালে জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকার একটি পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রোজা মনি (৬) জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার চরমারিয়া গ্রামের সুমন মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৬ জুলাই) বিকেলে বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল রোজা মনি (৬)। এরপর হঠাৎ করে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। শুক্রবার (১১ জুলাই) সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পাটক্ষেতের ভিতরে রোজা মনির লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে রোজা মনির লাশ শনাক্ত করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়ে যায়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত
ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



