নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক লাখ ২০ হাজার টাকা মূল্যের ২৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার জারইতলা, গোবিন্দপুর, ষাইটধার ও রোদারপুড্ডা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তি।
এসময় উপস্থিত ছিলেন-নিকলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোহাইমেনুল ইসলামসহ নিকলী থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিকলী উপজেলার নদী ও হাওরে অবাধে ব্যবহৃত কারেন্ট ও চায়না জালের কারণে মা ও পোনা মাছ নিধন হচ্ছে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার জারইতলা, গোবিন্দপুর, ষাইটধার ও রোদারপুড্ডা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ২৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল (দৈর্ঘ্য ৪৫০ মিটার) জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তি। জব্দকৃত নিষিদ্ধ জালের মোট আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ ২০ হাজার টাকা।
জব্দকৃত নিষিদ্ধ জালগুলো বিধিমোতাবেক পুড়িয়ে ধ্বংস করা হয়। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তি জানান, জব্দকৃত নিষিদ্ধ জালগুলো বিধিমোতাবেক পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।



