ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহে গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ সাগরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

ময়মনসিংহে গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ সাগরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

ময়মনসিংহ ব্যুরো : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় ময়মনসিংহ নগরীতে জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ রেদোয়ান হাসান সাগরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে, যিনি ২০২৪ সালের ১৯ জুলাই নগরীর সি কে ঘোষ রোড ছায়াবাণী সিনেমা হলের সামনে পুলিশের গুলিতে নিহত হন। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, প্রশাসনিক কর্মকর্তারা শহীদ সাগর চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ।

ময়মনসিংহ নগরীর সিকে ঘোষ রোড মহিলা কলেজের সামনে শহীদ সাগর চত্বরে শনিবার (১৯ জুলাই) সকালে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার (রাজস্ব) ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়া আহমেদ সুমন। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজি আখতার উল আলম, সিটি করপোরেশন, জেলা পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণিপেশার মানুষ।

এ সময় সাগরসহ গণঅভ্যুত্থান চলাকালে সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার তাগিদ দেন। এর আগে শুক্রবার রাত ১২টা এক মিনিটে মহানগর বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে শহীদ সাগর চত্বরে শ্রদ্ধা, মোমবাতি প্রজ্বালন ও দোয়া করা হয়।

শহীদ রেদোয়ান হোসেন (২৪) সাগর নগরের চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামান মিয়ার ছেলে। সে জেলার ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, গত বছরের ১৯ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অসুস্থ স্বজনের খোঁজ খবর নিয়ে বাসায় ফেরার পথে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্রদের ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে পড়ে গুলিতে বুক ঝাঁঝরা হয়ে প্রাণ হারান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, ১৯ জুলাই ময়মনসিংহের ইতিহাসে এক কালো দিন। সেদিন আমাদের ন্যায্য দাবির আন্দোলনকে দমাতে গিয়ে সাগরকে শহীদ করা হয়েছিল। সাগরের রক্ত বৃথা যেতে দেব না। তার আত্মত্যাগ আমাদের বৈষম্যহীন সমাজ গড়ার লড়াইয়ে প্রেরণা যোগাবে।

শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান আসাদ কান্না চেপে বলেন, ১৯ জুলাই ইতিহাসে এই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহে প্রথম আমার ছেলে শহীদ হন সাগর। সব বাবা-মা চায় সন্তান ভালোভাবে বাঁচুক। আমি সে স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমার ছেলে যে আদর্শের জন্য প্রাণ দিয়েছে, তা কোনো দিন বৃথা যাবে না। আমি আল্লাহর কাছে বিচার চাই। একমাত্র সন্তানের শোকে আজ পাথর আমি। চোখের পানি শুকিয়ে গেছে। কাঁদতেও পারি না। ছেলের ইচ্ছা ছিল ব্যাংকার হবে, পরিবারের অভাব ঘোচাবে। কিন্তু সবই আজ স্মৃতি।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহে প্রথম শহীদ কলেজছাত্র রেদোয়ান হাসান সাগরের সমবেদনা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আমরা আজকে যে এই পজিশনে এসেছি, ওদের জন্যই এসেছি। তাদের সহযোগিতার জন্য সরকারিভাবে যা দরকার আমরা তাই করব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular