নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফাইয়াজ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) সকালে উপজেলা সদরের সৈয়দ্গাঁও এলাকার একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ফাইয়াজ (২৪) উপজেলা সদরের সৈয়দ্গাঁও এলাকার আব্দুল খালেকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দেড় বছর আগে সৌদি আরব থেকে বাড়িতে আসেন ফাইয়াজ (২৪)। নতুন করে আবার অন্য কোনো দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পাশের বাড়ির সম্পর্কে এক চাচার ঘরের বারান্দার রুমে বেশ কিছুদিন যাবত রাতে থাকতেন ফাইয়াজ। শনিবার (১৯ জুলাই) বিকেলেও ফাইয়াজকে বাড়ির চারপাশে ঘুরাফেরা করতে দেখেন স্থানীয় লোকজন। রাতে ফাইয়াজের মা খাবার খাওয়ার জন্য ডেকে কোনো সাড়া না পেয়ে চলে আসেন।
রোববার (২০ জুলাই) সকালে আবার তাকে তার মা ডেকে কোনো সাড়া না পেয়ে জানালার ওপর দিয়ে দেখতে পান ঘরের চালার নিচের কাঠের সঙ্গে ফাইয়াজ এর লাশ ঝুলছে। পরে এই খবর পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন রয়েছে।



