যশোরের শার্শায় চাঁদা না পেয়ে এক কৃষকের বাড়ি ভাঙচুর ও অপর এক কৃষকের বাড়িতে বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে শার্শার কন্দবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষায় বুধবার পাঁচজনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম।
এজাহারে অভিযুক্ত ব্যক্তিরা হলেন– কন্দবপুর গ্রামের রেজাউল সরদার সোনার ছেলে আসাদুল ও শহিদুল ইসলাম তোতা, আবু সিদ্দিকির ছেলে শাহীন হোসেন, ইনায়েত আলীর ছেলে সৈয়দ আলী ও আলমগীরের ছেলে আল আমিন।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা কন্দবপুর গ্রামের শাহাদৎ মোল্লার ছেলে কৃষক আব্দুল মজিদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে গত মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে একাধিক বোমা বিস্ফোরণ ঘটায়। একই ব্যক্তিরা ওই এলাকার খায়রুল মোল্লার ছেলে আক্তার হোসেনের কাছেও চাঁদা দাবি করে। না পেয়ে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। ঘটনার রাতে অভিযুক্তরা গ্রামে আতঙ্ক সৃষ্টি করতে প্রায় ১৫টি বোমার বিস্ফোরণ ঘটায়।
বুধবার দুপুরে শার্শা থানায় এজাহার দায়েরের সময় সেখানে উপস্থিত ছিলেন নিজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আতা, সাংগঠনিক সম্পাদক আনছার আলী, বিএনপি নেতা আব্দুর রউফ মন্টু, জালাল উদ্দিন, জুলফিকার আলী জুলু, নজরুল ইসলাম প্রমুখ।
থানার ওসি কে এম রবিউল ইসলাম জানান, অভিযোগ তদন্ত করে কন্দবপুর গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



