আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন আরও ১৫০ জন।
শনিবার (২ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ৩১ জনের মধ্যে ১৬ শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। সবচেয়ে কমবয়সি নিহত শিশুটির বয়স ছিল মাত্র ২ বছর। নিহতদের স্মরণে শনিবার (২ আগস্ট) জাতীয় শোকদিবস পালন করছে ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। পাশাপাশি নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।জেলেনস্কির দাবি, রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর, আবাসিক ভবন, স্কুল, কিন্ডারগার্টেন, চিকিৎসাকেন্দ্র, বিশ্ববিদ্যালয় ভবনসহ বিভিন্ন ধরনের ১০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিয়েভের আবাসিক এলাকার একটি বড় ৯ তলা ভবনের বিশাল অংশ সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের অক্টোবরে শহরে বিমান হামলা শুরু হওয়ার পর থেকে এটিই সর্বোচ্চ সংখ্যক শিশু নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটল। গত বছরের জুলাইয়ের পর থেকে এটিই ছিল সবচেয়ে মারাত্মক আক্রমণ, যেখানে ৩৩ জন নিহত হয়েছিল।
ঢাকা নিউজ/এস



