ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিসন্ত্রাস ও মব সংস্কৃতি নতুন প্রেক্ষাপট বিরাজ করছে: ড.কামাল

সন্ত্রাস ও মব সংস্কৃতি নতুন প্রেক্ষাপট বিরাজ করছে: ড.কামাল

নিউজ ডেস্ক:  মব ভায়োলেন্সের ধারাবাহিকতায় আশঙ্কা ও উষ্মা প্রকাশ করে গণফোরামের ইমিরেটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘মব সংস্কৃতির এক নতুন প্রেক্ষাপট বিরাজ করছে। এই অশুভ শক্তিকে দমন করতে সরকার ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।’

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণফোরামের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।

ড. কামাল হোসেন বলেন, ‘গণঅভ্যুত্থানের পর থেকেই লক্ষ্য করা যাচ্ছে, একটি অশুভ শক্তি বিগত আমলের মতোই সর্বত্র চাঁদাবাজি, দখলবাজি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাস, সংঘর্ষ, খুনোখুনি ও মব সংস্কৃতির এক নতুন প্রেক্ষাপট তৈরি করছে। এই অশুভ শক্তিকে দমন করতে সরকার ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, যা কারো কাম্য নয়।’

নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘বিগত সরকার দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানসহ গণতান্ত্রিক ব্যবস্থা সমূলে ধ্বংস করে রেখে গেছে। এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কারসহ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ এখন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব।’

ড. কামাল হোসেন বলেন, ‘এখন সময়ের দাবি, প্রয়োজনীয় সংস্কার, অপরাধীদের বিচার ও সুষ্ঠু নির্বাচন। এতে মানুষের আকাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম হয়। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। আশা করি, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকতার সঙ্গে তার অর্পিত দায়িত্ব পালন করবে।’

দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রেক্ষাপট নিয়ে কামাল হোসেন বলেন, ‘গণফোরাম মনে করে, কেবল সরকার ও দল বদল নয়, জনগণের ভাগ্য বদলের জন্য সমাজ ও রাষ্ট্রের অর্থবহ পরিবর্তন আনতে হবে। গণফোরামের লক্ষ্য বৈষম্যমুক্ত গণতান্ত্রিক ও মানবিক কল্যাণকামী রাষ্ট্র বিনির্মাণ।’
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি জ্যেষ্ঠ এডভোকেট বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র স্হায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, বাংলাদেশ সমাজতান্রিক দল (বাসদ) উপদেষ্টা খালেকুজ্জামান,বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

গণফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী,লতিফুল বারী হামিম ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরোও বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক ডা: মিজানুর রহমান, সভাপতি পরিষদ সদস্য এডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দীন আহমেদ, মোশতাক আহমদ, এডভোকেট সেলিম আকবর, এডভোকেট সুরাইয়া বেগম, কোষাধ্যক্ষ শাহ নুরুজ্জামান প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular