নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয় একটি প্রীতি ফুটবল ম্যাচের। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ ম্যাচের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সব সময় জাতীয় ঐক্য ও জনগণের অধিকার রক্ষার রাজনীতিতে বিশ্বাসী। খেলাধুলা জাতিকে ঐক্যবদ্ধ করে এবং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ জীবনের দিকে নিয়ে যায়। তিনি আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এ ধরনের আয়োজন কেবল আনন্দই নয়, দলীয় কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব ও ইতিবাচক চেতনা জাগিয়ে তোলে।
তিনি বলেন, “বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে এবং এই সংগ্রামে তরুণদের ভূমিকা অপরিসীম। খেলাধুলার মধ্য দিয়ে আমরা নতুন প্রজন্মকে সুস্থ মন-মানসিকতা ও জাতীয় দায়িত্বশীলতায় উদ্বুদ্ধ করতে চাই।”
এ সময় খেলায় অংশ গ্রহণ করবেন বিএনপি – ঢাকা মহানগর উত্তর বনাম বিএনপি – ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীবৃন্দ। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে নির্ধারিত সময় শেষে ৩-২ গোলের ব্যবধানে জয় পায় ঢাকা মহানগর উত্তর বিএনপি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন। খেলাটি ছিল সম্পূর্ণ প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত। প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে আরও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঢাকানিউজ২৪/মহফ



