ঝিকরগাছা সংবাদদাতা : যশোরের ঝিকরগাছায় প্রতিবন্ধী শিশুদের মূলধারার শিক্ষায় সম্পৃক্তকরণ ও সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির গুরুত্ব তুলে ধরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। সেমিনারের উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ, থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়ালীয়ার রহমান, হিসাবরক্ষক অফিসার শাহানা আক্তার ও সহকারী সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম।
এ ছাড়াও রঘুনাথনগর বাবর আলী সরকারি প্রতিবন্ধী স্কুল ও নিশ্চিন্তপুর বিশেষ প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং প্রতিবন্ধী শিশুদের অভিভাবকেরা সেমিনারে অংশ নেন।
প্রধান অতিথি তার বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সেবার মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সহ মোট ৫৪টি সেবার কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন। তিনি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি ও সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।



