মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল বাজারে ভুয়া চিকিৎসক পরিচয়ে রোগী দেখা ও অ্যান্টিবায়োটিকসহ প্রেসক্রিপশনে ওষুধ লেখার অভিযোগে ‘শিল্পী ফার্মেসী’কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফার্মেসিটির প্রোপাইটর শ্রী মনিন্দ্র দেবনাথের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
১০ ডিসেম্বর সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরাও অংশ নেন।
অভিযানকালে দেখা যায়, ফার্মেসির মালিক নিজেই সিরিয়াল নিয়ে রোগী দেখছিলেন এবং অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন প্রেসক্রিপশন ওষুধ লিখছিলেন। অনুসন্ধানে জানা যায়—তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং তিনি পল্লী চিকিৎসক, এমবিবিএস চিকিৎসক বা কোনো প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী নন। এছাড়া দোকানটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ডাক্তারদের জন্য সংরক্ষিত ফিজিশিয়ান স্যাম্পলও পাওয়া যায়।
এ সব অপরাধের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী শিল্পী ফার্মেসীকে ৪০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, একই অপরাধ পুনরায় ঘটলে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



