ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাক্রিকেটাঙ্গনে অচলাবস্থা ঠেকাতে নাজমুলকে অব্যাহতি, দায়িত্বে বুলবুল

ক্রিকেটাঙ্গনে অচলাবস্থা ঠেকাতে নাজমুলকে অব্যাহতি, দায়িত্বে বুলবুল

ক্রীড়া প্রতিবেদক: ক্রিকেটারদের আন্দোলন ও ম্যাচ বর্জনের প্রেক্ষাপটে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ১৫ জানুয়ারি বিকেলে বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

ক্রিকেটারদের নিয়ে করা এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে তার পদত্যাগ দাবি করে খেলা বয়কটের ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। ক্রিকেটারদের পক্ষ থেকে দেওয়া কড়া আলটিমেটাম এবং দেশের ক্রিকেটে চলমান অচলাবস্থা কাটাতে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ দুপুর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও নাজমুল পদত্যাগ না করায় দুপুর ১টায় শুরু হওয়ার কথা থাকা বিপিএলের ম্যাচে মাঠে নামেননি ক্রিকেটাররা।

এরপর বিকেলে আরেক দফা সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা তাদের অবস্থান আরও কঠোর করেন। সেখানে ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার দাবি জানানো হয় এবং স্পষ্ট করে বলা হয়, পদত্যাগ ছাড়া আর কোনো বিকল্প গ্রহণযোগ্য নয়।

এই পরিস্থিতিতে কিছুক্ষণ পরই বিসিবি জানায়, এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘সাম্প্রতিক ঘটনাবলির পর্যালোচনা এবং সংস্থার সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।’

বিসিবি আরও জানায়, এই সিদ্ধান্ত বিসিবি গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদের আওতায় সভাপতির ওপর অর্পিত ক্ষমতাবলে নেওয়া হয়েছে, যাতে বোর্ডের কার্যক্রম নির্বিঘ্ন ও কার্যকরভাবে পরিচালিত হতে পারে।

একই বিজ্ঞপ্তিতে বিসিবি ক্রিকেটারদের প্রতি আহ্বান জানিয়ে বলে, ‘ক্রিকেটারদের স্বার্থই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। এই কঠিন সময়ে সবাই পেশাদারত্ব ও নিষ্ঠার পরিচয় দেবেন এবং দেশের ক্রিকেটের উন্নয়নের স্বার্থে বিপিএলে অংশগ্রহণ অব্যাহত রাখবেন বলে আমরা আশাবাদী।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular