বরিশাল প্রতিবেদক: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে পুলিশের উপস্থিতিতে খোরশেদ সিকদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (২২ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা অবস্থায়ও পুলিশ সদস্যরা হামলা ঠেকাতে পারেননি- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি খোরশেদ সিকদারকে ঘিরে মারধর করছেন। কাছেই দাঁড়িয়ে থাকা তিনজন পুলিশ সদস্য তাদের থামানোর চেষ্টা করেন। তবে বারবার চেষ্টা করেও হামলাকারীদের নির্বৃত্ত করা যায়নি। একপর্যায়ে চেয়ার ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়।
পুলিশ জানায়, ঘর নির্মাণের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার বিকেলে বিষয়টি মীমাংসার জন্য শালিস বসে। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
গুরুতর আহত অবস্থায় খোরশেদ সিকদারকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেহেন্দিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ঘর নির্মাণের মজুরি বাবদ ৫০ হাজার টাকা পাওনা নিয়ে জাহাঙ্গীর হাওলাদারের পরিবারের সঙ্গে খোরশেদ সিকদারের পরিবারের বিরোধ ছিল। বিকেল চারটার দিকে সেই বিরোধ মেটাতে দুই পক্ষ বসেছিল। সেখানে স্থানীয় লোকজনের পাশাপাশি পুলিশও উপস্থিত ছিল।
বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এদিকে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন ও সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে রাতে এ তথ্য জানানো হয়।




