ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধশাহরাস্তিতে আন্তজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

শাহরাস্তিতে আন্তজেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে আন্তজেলা অটোরিকশা ও মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া দুটি অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

রোববার (৩ মে) বিকেলে উপজেলার ঘুঘুশাল ও সাহাপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন ও সাদ্দাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘুঘুশাল এলাকায় অভিযান চালায়। এ সময় মো. ইউসুফ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি অটোরিকশা, একটি অটোরিকশার কাটা অংশবিশেষ, একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল এবং অটোরিকশার পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ইউসুফকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে সাহাপুর এলাকার বাগানবাড়ি ব্রিজ এলাকা থেকে চোর চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে চাঁদপুরসহ আশপাশের বিভিন্ন জেলায় অটোরিকশা ও মোটরসাইকেল চুরি করে আসছিলেন।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং আরও চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকানিউজ/নাজ/২৪

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular