নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদকসেবীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোর থাকায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অন্য পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
বুধবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটকদের কাছ থেকে ৪ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আটক সুমন ইয়াবা কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. রবিন, মাসুদুর রহমান মাসুদ, মো. সুমন, ইব্রাহিম হোসেন ও কলিম উদ্দিন মুসা। অভিযানের সময় মুসার সহযোগী হিসেবে ১৪ বছরের এক কিশোরকেও আটক করা হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে— রবিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, ইব্রাহিমকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, মুসাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৯০০ টাকা জরিমানা, মাসুদকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, সুমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বলেন, “মাদকসহ আটক ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন এবং একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”
অভিযান সংশ্লিষ্টরা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ঢাকানিউজ/নাজ/২৪




