নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক এ পবিত্র ঈদুল আজহা। আল্লাহ যেন সবার কোরবানি ও ইবাদত কবুল করেন, আর তাঁর অশেষ রহমত ও বরকতে জীবন ভরে ওঠে শান্তি ও সমৃদ্ধিতে।
ঈদের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী লেখেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে প্রতিবছর বিশ্ব মুসলিমের কাছে ফিরে আসে পবিত্র ঈদুল আজহা। ইসলামের এই মহিমান্বিত উৎসব শুধু আনন্দের নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন শিক্ষা বহন করে।
তিনি আরও বলেন, হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য ও সর্বোচ্চ আত্মত্যাগের দৃষ্টান্ত এই দিনকে মুসলিম উম্মাহর কাছে গভীর তাৎপর্যপূর্ণ করেছে। ঈদের এই শুভক্ষণে তিনি মাতৃভূমি, সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সম্প্রীতির প্রার্থনা জানান। তারেক রহমান দেশবাসীকে ঈদ মোবারক জানিয়ে বিশ্বজুড়ে শান্তি ও কল্যাণ কামনা করেন।




