নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপির নেতারা ও তাঁর সমর্থকেরা। জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের পক্ষ থেকে পরিকল্পিতভাবে তাঁদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
শনিবার (৩০ মে) দুপুরে উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজির হাট এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উত্তর জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোস্তফা বাবুল মাস্টার, ব্যবসায়ী আনোয়ার হোসেন, আমির হোসেন এবং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হোসেন।
লিখিত ও মৌখিক বক্তব্যে বক্তারা বলেন, স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম দুলালের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে একাধিকবার সালিসি বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও দুলাল তা মেনে না নিয়ে উল্টো তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রচার করছেন।
সংবাদ সম্মেলনে মো. মোস্তফা বাবুল মাস্টার বলেন, ‘চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে আমরা একটি সালিসি বৈঠকে বসেছিলাম। সেখানে দুলাল আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় যুবদল নেতা আব্দুল মুকিত সোহেল এর প্রতিবাদ করেন। কিন্তু পরে দুলাল সংবাদ সম্মেলন করে দাবি করেন, আমরা তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা চেয়েছি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’
তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। দুলাল প্রায়ই বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করেন।’
ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে দুলাল ও তাঁর পরিবারের সদস্যরা আমার বিরুদ্ধে এ পর্যন্ত ১০ থেকে ১২টি মামলা করেছেন। একাধিকবার আমার ওপর হামলার ঘটনাও ঘটেছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চললেও তারা তা না মেনে ধারাবাহিকভাবে অভিযোগ ও মামলা দিয়ে চাপ সৃষ্টি করছেন।’
তিনি দাবি করেন, সম্প্রতি যে অভিযোগগুলো সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। বরং তাঁদের সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এসব বক্তব্য দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা নুরুল ইসলাম দুলালের আনা সব অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এর আগে একই বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নুরুল ইসলাম দুলাল অভিযোগ করেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী আনোয়ার হোসেন অতীতে ভাড়াটে লোকজন দিয়ে তাঁদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে স্থানীয় বিএনপি নেতাদের প্রভাব ব্যবহার করেও তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে। গত ২৪ মে তাঁর ছেলে আব্দুর রহমানের ওপর হামলার ঘটনায় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততা রয়েছে বলেও তিনি দাবি করেন।
তবে শনিবারের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বিএনপি নেতা ও ব্যবসায়ী আনোয়ার হোসেনের পক্ষ থেকে বলা হয়, অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং চলমান জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের চাপ সৃষ্টির কৌশল।
পাল্টাপাল্টি অভিযোগের কারণে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকানিউজ/নাজ/24




