জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের নাওডাঙ্গা পুলের পাড় হতে বড়ভিটা বাজার পর্যন্ত জনগুরুত্বপূর্ণ দীর্ঘ ৪ কিলোমিটার সড়কটির সংস্কার কাজ নির্ধারিত সময় শেষ হলেও দীর্ঘদিন বন্ধ আছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে এখানকার মানুষ।
৬ মাস আগে রাস্তার কার্পেটিং তুলে খোয়া বিছানো হয়। এরপর আর কাজের অগ্রগতি না হওয়ায় বেড়েছে দুর্ভোগ। ফুলবাড়ী হতে কাঁঠালবাড়ী আরএসডি সড়কের নাওডাঙ্গা পুলের পাড় হতে বড়ভিটা বাজার পর্যন্ত ৪ কিলোমিটার সংস্কার কাজ পায় কুড়িগ্রামের এফ এইচ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ।
সড়কটির পুনঃনির্মাণ কাজের মূল্য ধরা হয়েছে ২ কোটি ৬ লাখ ১৩ হাজার ৪শত উনিশ টাকা। কাজ শুরুর আদেশ ছিল ২০২৬ সালের ১৯ জানুয়ারি এবং কাজ সমাপ্তির তারিখ একই বছরের ২৪ মে। ঠিকাদারী প্রতিষ্ঠানটি ২৫ জানুয়ারি কাজ শুরু করে। কিন্তু নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পরও সংস্কার কাজ করছেন না তারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কে শুধু খোয়া পড়ে থাকায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেলের টায়ার ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।
স্থানীয় বাসিন্দারা জানান, ফুলবাড়ী ও বড়ভিটা বাজারে যাওয়ার একমাত্র সড়ক এটি। কাজ বন্ধ থাকায় বর্ষা মৌসুমের আগেই সড়কটির বেহাল অবস্থা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভুক্তভোগীরা দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সংস্কার কাজ দ্রুত শেষ না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।
ওই সড়কটির সংস্কার কাজ সাব কন্ট্রাক্ট নিয়েছেন শফিকুল ইসলাম শফিক নামের এক ঠিকাদার। তার সঙ্গে কথা বললে দ্রুত কাজটি শেষ করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মামুনুর রশিদ জানান, আগামী ১০ দিনের মধ্যে সড়কটির সংস্কার কাজ শেষ করবো।




