নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিজের কেনা জমি রক্ষা করতে গিয়ে প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন আমির হোসেন এক বৃদ্ধ কৃষক।
অভিযোগ রয়েছে, গত ২ জুন রাতের অন্ধকারে দক্ষিণ চর কাদিরা এলাকায় ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ও ঘর তুলে জমি দখল করেছে স্থানীয় প্রবাসী রাশেদ ও তার দলবল।
এ ঘটনায় রোববার ভুক্তভোগী আমির হোসেন কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী আমির হোসেন দীর্ঘদিনের কৃষিকাজের উপার্জনে সামান্য কিছু জমি কিনেছিলেন। তার স্বপ্ন ছিল নিজের ছেলেদের জন্য ওই জমিতে বাড়ি করবেন।
তিনি জানান, ২০২৩ সালের ৩১ জানুয়ারি ৩৮৮ নং সাফ কবলা দলিলের মাধ্যমে তিনি এই জমি ক্রয় করেন। এরপর ১৯৩০ নং খতিয়ান মূলে নামজারি সম্পন্ন করে তিনি সেখানে ভোগদখলে আছেন।
আমির হোসেন অভিযোগ করেন, “গত ২ জুন রাত আনুমানিক ১০টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার জমিতে প্রবেশ করে। তারা ভেকু মেশিন দিয়ে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করে ঘর তোলার চেষ্টা করে। আমি বাধা দিতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করা হয় এবং ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধরসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।”
তিনি আরও বলেন, “তিনি ও তার পরিবার উভয় পক্ষের মালিকানা কাগজপত্র যাচাইপূর্বক বিবাদীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগীর স্ত্রী ছালেহা বেগম বলেন, “আমার স্বামী জমিতে গিয়ে বাধা দিলে তাকে আঘাত করার জন্য ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়ে আক্রমণ করার চেষ্টা করা হয়। আমরা আজ অসহায় অবস্থায় আছি।”
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মো: রাশেদ (৩০), শাহাজান (৫৫) ও জান্নাত (২৫)-সহ অজ্ঞাতপরিচয় ৫-৬ জন ব্যক্তি ওই সম্পত্তির ১৪ শতাংশ জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছিলেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদীরা কোনো সালিশ মানতে রাজি হননি। বর্তমান পরিস্থিতিতে ওই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, “আমরা অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।”




