আন্তর্জাতিক ডেস্ক : কাতারের রাসলাফফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে বারজান গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৫৪ জন আহত এবং ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কাতারএনার্জির ভাষ্য, রবিবার রাতে কারখানার কার্যক্রম পুনরায় শুরু করার সময় এ দুর্ঘটনা ঘটে এবং এটি ছিল একটি প্রযুক্তিগত দুর্ঘটনা। উদ্ধারকারী দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে, আর জননিরাপত্তার জন্য কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই বলে জানানো হয়েছে।
সূত্রে জানায়, বিস্ফোরণের শব্দ কাতারের রাজধানী দোহাতেও শোনা যায়। বারজান গ্যাসক্ষেত্র কাতারের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ। এটি দৈনিক প্রায় ১.৪ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে সক্ষম। আরব বিশ্বের অন্যতম বড় এলএনজি উৎপাদন কেন্দ্র রাস লাফানে এই দুর্ঘটনা ঘটায় দেশটির জ্বালানি খাতে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো স্থাপনার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়। কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, এবং তদন্ত শেষে বিস্ফোরণের কারণ ও ক্ষতির পূর্ণ চিত্র জানা যাবে।
ঢাকানিউজ২৪/মহফ




