লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু’র নির্দেশে উপজেলা মহিলা দলের সহ সভাপতি নাহিদা সাফিজ বিন্তি’র পরামর্শক্রমে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে বটতলা চত্তরে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান,অর্থ বিষয়ক সম্পাদক প্রিন্স আলম,ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান,ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান,পৌর যুবদলের আহবায়ক এনামুর কবির ডেবিট,ছাত্রদলের সাবেক সভাপতি আলিনূর ইসলাম,রোকনুজ্জামান রুকন প্রমূখ বক্তব্য রাখেন।
ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত বলেন, বিএনপি স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় রয়েছে। সারাদেশে আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ করা যাচ্ছে। এমতবস্থায় ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে নেতাকর্মীরা সোচ্চার রয়েছে। যে স্বৈরাচার বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়েছে,তাদেরকে বাংলার মাটিতে আর মিছিলের সুযোগ দেওয়া হবে না।
অন্যদিকে আওয়ামী লীগের যে কোন ধরনের নাশকতা এবং অপতৎপরতা রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা সব সময় সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান। দেশের চলমান উন্নয়নের স্বার্থে তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেও সব সময় মাঠে প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন।




