নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং পুষ্টিহীনতা জনিত জটিলতা প্রতিরোধে সরকারের এই কর্মসূচিটি ব্যাপক উৎসাহের সঙ্গে পালন করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
এ সময় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, নার্সিং ইনচার্জ, সিনিয়র স্টাফ নার্স, এমটিইপিআই, স্বাস্থ্য পরিদর্শকসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। পুরো আয়োজনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে পুরো উপজেলার ১টি স্থায়ী এবং ১৮৪টি অস্থায়ী কেন্দ্রে এই ক্যাম্পেইন শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৪৩,৩২৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মৃত্যুর ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকর। ক্যাম্পেইনটিকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সকল কেন্দ্রে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছেন।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিটি শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে নির্ধারিত বয়সের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।




