আন্তর্জাতিক ডেস্ক: তৃণমূল কংগ্রেসের সংকটের মধ্যে দলটির রাজ্য সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
শনিবার (৪ জুলাই) তিনি দলীয় সব পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে প্রাথমিক সদস্যপদ ছাড়ার বিষয়ে তার পদত্যাগপত্রে কিছু বলা হয়নি।
বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর সংগঠন পুনর্গঠনের অংশ হিসেবে গত ৩ জুন কালীঘাটের বৈঠকে চন্দ্রিমাকে রাজ্য সভাপতি করা হয়েছিল। তিনি প্রবীণ নেতা সুব্রত বক্সীর স্থলাভিষিক্ত হন।
মমতা ব্যানার্জীকে পাঠানো পদত্যাগপত্রে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির পদসহ বর্তমানে থাকা সব পদ থেকে পদত্যাগ করছেন। একই সঙ্গে বিভিন্ন ব্যাংকে দলীয় হিসাবের অনুমোদিত স্বাক্ষরকারী এবং ভারতের নির্বাচন কমিশনের কাছে দলের অনুমোদিত প্রতিনিধি হিসেবেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।
পদত্যাগের পর তিনি বলেন, ‘যেখানে বিশ্বাস নেই, যেখানে আস্থা নেই, সেখানে কাজ করা সম্ভব নয়। সে কারণেই আমরা পদত্যাগ করেছি।’
সূত্র: এনডিটিভি




