আন্তর্জাতিক ডেস্ক : ইরানের হাতে নিহত হলে যুক্তরাষ্ট্রের করণীয় কী হবে, সেই নির্দেশনা ইতিমধ্যে দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েলি গোয়েন্দার ‘ইরানের এ ধরনের পরিকল্পনা’ সামনে আনার পর তিনি এ কথা জানলেন।
নিউইয়র্ক পোস্টকে ট্রাম্প বলেন, ইরান তাঁকে গুপ্তহত্যা করলে কী করতে হবে, সে বিষয়ে তিনি ‘নির্দেশনা দিয়ে রেখেছেন’।
মার্কিন ওই ট্যাবলয়েড পত্রিকাকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি অনেক দিন ধরেই তাদের তালিকায় আছি। আমাদের এই বিষয়টা সামলাতে হচ্ছে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘তবে মূল বিষয়টা হলো আমি নির্দেশনা দিয়ে রেখেছি—যদি আমার কিছু হয়, তবে তাদের ওপর এমন মাত্রায় বোমা ফেলা হবে, যা তারা আগে কখনো দেখেনি।’
ট্রাম্প আরও বলেন, তেহরান বহু বছর ধরেই তাঁকে মেরে ফেলতে চাইছে। শেষে তিনি বলেন, ‘আমি আশা করি, আপনারা আমার শূন্যতা অনুভব করবেন।’
উল্লেখ্য, ইরান সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা তৈরি করেছিল বলে ইসরায়েলের গোয়েন্দা তথ্যে দাবি করা হয়েছে। বিষয়টি সম্পর্কে জানেন, এমন দুটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।




