ঢাকা  মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধ এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধ এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

নিউজ ডেস্ক: কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের টেলিফোনে জলাবদ্ধ এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। সোমবার ভারি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করা হয়।

 

একই সঙ্গে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারা শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ৩০ মিনিট বাড়ানো হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার ভোর থেকে টানা বর্ষণে কুমিল্লা নগরীতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছা কঠিন হয়ে পড়ে। এ সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং সরকারি মহিলা কলেজের নিচতলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে পরীক্ষার্থীদের বিপাকে পড়তে হয়। খবর পেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ফোন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শিক্ষার্থীদের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেন। 

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, জলাবদ্ধতার মধ্যে নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তিনি পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। পরিস্থিতি জানানো হলে পরীক্ষাকেন্দ্র পরিবর্তন এবং পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেন। পরে বোর্ড কর্তৃপক্ষ অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়ার সিদ্ধান্ত নেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পরীক্ষার হল পরিবর্তন এবং যথাসময়ে আসতে না পারা শিক্ষার্থীদেরকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। 

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেন, আগামী পরীক্ষা গুলিতে বৃষ্টি আসবে না এমন নিশ্চয়তা নেই। তাই পরীক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। 

এর আগে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ আশপাশের এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এতে নির্ধারিত সময়ে অনেক পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে পারেননি।

জলাবদ্ধতার কারণে কেউ নৌকায়, আবার কেউ কোমরসমান পানি মাড়িয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান। শিক্ষার্থীদের প্রবেশে সহায়তার জন্য কেন্দ্রের ভেতরেও নৌকার ব্যবস্থা করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার মাত্র তিন ঘণ্টায় কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরীর প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ায় জনজীবনে দুর্ভোগ নেমে আসে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular