জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নে মাত্র দুই কিলোমিটার কাঁচা রাস্তা এখন চারটি গ্রামের কয়েক হাজার মানুষের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে।
বর্ষা মৌসুম এলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে মরণফাঁদে পরিণত হয়। বছরের পর বছর এই দুর্ভোগ চললেও রাস্তাটির উন্নয়নে কেউ এগিয়ে আসেনি। যুগ যুগ ধরে অবহেলিত এই রাস্তাটির সংস্কার ও পাকাকরণের জন্য স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সরজমিনে গিয়ে দেখা যায়, আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও বাজার থেকে দক্ষিণ দিকে ধরগাঁও উকুন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে পার্শ্ববর্তী মুশুল্লী ইউনিয়নের সরকারবাড়ি পর্যন্ত রাস্তাটি বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী।
সামান্য বৃষ্টিতেই ধরগাঁও উকুন্দিপাড়া, বিলপাড়া, ব্যাপারীপাড়া ও ধরগাঁও খালপাড়াসহ আশপাশের গ্রামের মানুষকে হাঁটু সমান কাদা মাড়িয়ে চলাচল করতে হয়। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অসুস্থ রোগী কিংবা প্রসূতি মায়েরা ও কোমলমতি শিক্ষার্থীরা। রাস্তায় খানাখন্দ আর পিচ্ছিল কাদার কারণে হাসপাতালে কিংবা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়।




