নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে শিগগিরই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকের পর নির্বাচনি বিধি অনুযায়ী সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন আয়োজনকারী এই সংস্থা।
রবিবার (২৬ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, প্রচলিত রীতি অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে সিইসি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সে অনুযায়ী দু-এক দিনের মধ্যেই ভারপ্রাপ্ত স্পিকারের কাছে সাক্ষাতের সময় চেয়ে চিঠি পাঠানো হবে। সময় নির্ধারিত হলে বৈঠক অনুষ্ঠিত হবে।
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী
সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। সে হিসেবে আগামী ২২ অক্টোবরের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। নির্বাচন কমিশনও নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।




