আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়ার পর মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশগুলো যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও সংলাপ জোরদার করেছে।
রবিবার (২৬ জুলাই) বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, টানা ১৩ দিন দৈনন্দিন ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পর ওয়াশিংটন আকস্মিকভাবে আক্রমণ বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় কূটনৈতিক সমাধানের একটি সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে কাতার, ওমান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মধ্যস্থতাকারী দেশ দুই পক্ষের সঙ্গেই নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছে।
একজন জ্যেষ্ঠ মধ্যপ্রাচ্য কূটনীতিক জানান, ‘হামলা বন্ধ থাকার এই সাময়িক বিরতিকে একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং সংঘাত কমানোর চুক্তিতে রূপ দিতে মধ্যস্থতাকারীরা দ্রুত কাজ করছেন।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের দাবিগুলো শতভাগ পূরণ না হলে তিনি আবারও পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করার কথা বিবেচনা করছেন। তবে একই সঙ্গে তিনি এ-ও ইঙ্গিত দেন যে, নতুন করে হামলা বন্ধের মাধ্যমে কূটনৈতিক আলোচনার একটি পথ উন্মুক্ত রাখা হয়েছে।




