আন্তর্জাতিক ডেস্ক: লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর চালানো ‘বর্বরোচিত হামলা’র জবাবদিহি দাবি করেছেন। রাহুলের ওই চিঠি ইঙ্গিত দিচ্ছে, বিরোধী শিবির এখন এ ইস্যুতে অমিত শাহকে সরাসরি চাপে ফেলতে চাইছে।
স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে রাহুল গান্ধী বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা একটি সুষ্ঠু ও জবাবদিহিমূলক শিক্ষাব্যবস্থার দাবি জানাচ্ছিল। কিন্তু তাদের কথা শোনার পরিবর্তে নিরাপত্তা বাহিনী নির্বিচার বল প্রয়োগ করেছে, যার মধ্যে প্রাণঘাতী অস্ত্র ও কাঁদানে গ্যাসের ব্যবহারও ছিল।’
শিক্ষার্থীদের ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেওয়ার পর সিজেপি তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
রোববার রাহুল গান্ধী বিরোধীদের বাকি দুটি দাবি পুনর্ব্যক্ত করেন। সেগুলো হলো—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা প্রার্থনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি।
চিঠিতে রাহুল গান্ধী বলেন, ‘শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। নারী শিক্ষার্থীদের ওপর পুলিশ সদস্যরা হামলা চালিয়েছেন, এমনকি ইচ্ছাকৃতভাবে তাদের শরীরের গোপন স্থান লক্ষ্য করেও আঘাত করা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, প্রাণঘাতী পেলেট গান ব্যবহার করা হয়েছে।’




