ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসবিশিষ্ট শিল্পোদ্যোক্তা হারুনার রশিদ খান মুন্নুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য

বিশিষ্ট শিল্পোদ্যোক্তা হারুনার রশিদ খান মুন্নুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য

নিজস্ব প্রতিবেদক : প্রয়াত সাবেক মন্ত্রী ও শিল্পোদ্যোক্তা হারুনার রশিদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। এ উপলক্ষে তার কন্যা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, বাবার সততা, নিষ্ঠা ও আদর্শের পথ অনুসরণ করেই তিনি আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছেন। তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসায় যেমন আমার পিতা ধন্য হয়েছেন, তেমনি আপনাদের পাশে নিয়েই ভবিষ্যতে সঠিক ও সুন্দর পথে চলতে চাই।’

শনিবার (১ আগস্ট) সকালে সদর উপজেলার গিলন্ড মুন্নু সিটিতে হারুনার রশিদ খান মুন্নুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন, বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রথমে প্রয়াত হারুনার রশিদ খান মুন্নুর কন্যা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় হারুনার রশিদ খান প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এর মধ্যে ছিল মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল, মুন্নু নার্সিং ইনস্টিটিউট, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মুন্নু ফেব্রিকস ও মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এছাড়া জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চেম্বার অব কমার্স, জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা বিএনপি, জেলা যুবদল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী আফরোজা খানম রিতা মুন্নু মেডিকেল কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের একটি বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এছাড়া তিনি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত একটি বিনামূল্যের চিকিৎসাসেবা (ফ্রি মেডিকেল) ক্যাম্পের উদ্বোধন করেন এবং হাসপাতালের চার শয্যাবিশিষ্ট একটি আইসিইউ ইউনিটেরও উদ্বোধন করেন।

নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে পরিবারের সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular