চবি প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী ৪ ও ৫ আগস্ট অনুষ্ঠিতব্য এসব কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রকলা ও গ্রাফিতি প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয় র্যালি, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
সোমবার (৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান এবং শহীদ ফারহাদ হোসেন ও হৃদয় চন্দ্র তরুয়ার আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
তিনি বলেন, কর্মসূচির প্রথম দিন ৪ আগস্ট সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাদুঘর গ্যালারিতে চিত্রকলা ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করা হবে। একই সময়ে চাকসু কেন্দ্রে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
দ্বিতীয় দিন ৫ আগস্ট সকাল ১১টায় স্মরণ চত্বর থেকে বিজয় র্যালি বের হবে। পরে সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণ-অভ্যুত্থান: ভাবনার রূপান্তর ও বাস্তবতার অভিযাত্রা’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্যারিস্টার সৈয়দ মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন।
তিনি আরও বলেন, একই দিন দুপুরে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, মঞ্চনাটক, আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হবে। এছাড়া রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য উন্নতমানের ভোজের আয়োজন রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




