নিউজ ডেস্ক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, টিকিট সিন্ডিকেট দমনে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এক্ষেত্রে আইএটিএর কারিগরি সহযোগিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার বিমান খাতে যেকোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
মন্ত্রী আজ ৩ আগস্ট মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে International Air Transport Association (IATA)-এর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট Shejdon Hee এর সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশে কার্বন নিঃসরণ হ্রাস-সংক্রান্ত পৃথক ধারা সংযোজন করা হয়েছে। সরকার টেকসই এভিয়েশন ফুয়েল নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি, আকাশপথে অপরাধ দমনে Montreal Protocol ২০১৪- গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাক্ষাতে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে আইএটিএর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আওতাধীন বাংলাদেশ এয়ারলাইন্স টেকনিক্যাল সেন্টার (BATC)-কে আন্তর্জাতিক মানসম্পন্ন ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আইএটিএ কারিগরি সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করে।




