জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের নান্দাইলে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে নান্দাইল উপজেলা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবপ বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন মাহমুদ, নান্দাইল উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, শিক্ষক সমিতির নেতা ও নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক, বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহাসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর ২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীর হাতে উপহারসামগ্রী ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তাছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে গাছের চারা প্রদান করা হয়।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীলতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।




