ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইমরান খানকে দ্রুত হাসপাতালে নেয়ার নির্দেশ

ইমরান খানকে দ্রুত হাসপাতালে নেয়ার নির্দেশ

নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের নেতৃত্ব দেয়া বিচারপতি শহীদ ওয়াহিদ বলেন, বন্দির মৌলিক অধিকার বিবেচনায় নিয়ে তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এ আদেশ দেয়া হয়েছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে রাজধানী ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করতে হবে। এছাড়া তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে আদালত। এতে হৃদরোগ, মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ এবং তার ব্যক্তিগত চিকিৎসককে অন্তর্ভুক্ত করা হবে।

এর আগে দীর্ঘদিন ধরে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও তার পরিবারের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানানো হচ্ছিল। ইমরান খানের মুখপাত্র নাইম হায়দার পাঞ্জুথা জানিয়েছেন, আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে ইমরান খানের চিকিৎসা চলবে।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দি রয়েছেন। ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এসব মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হলেও ইমরান দাবি করে আসছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছে।

গত বছর ইমরানের ছেলেরা তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেন। তার আইনজীবীদের দাবি, কারাগারে থাকা অবস্থায় তার ডান চোখের দৃষ্টিশক্তির উল্লেখযোগ্য অবনতি হয়েছে।

সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানিয়েছে পিটিআই। দলটির মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, ইমরানের চোখ ও সামগ্রিক স্বাস্থ্যের এতটা অবনতি হওয়ার আগেই এ পদক্ষেপ নেয়া উচিত ছিল। দলটি আদালতের নির্দেশনা মেনে হাসপাতালের বাইরে সমর্থকদের জড়ো না হওয়ার আহ্বান জানিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular