বিনোদন ডেস্ক: আগামী ৪ থেকে ১২ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিতব্য “স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল (SVIFF)”-য়ে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক তানভীর মোকাম্মেলকে অতিথি হিসেবে নিমন্ত্রণ জানানো হয়েছে।

কিনো-আই ফিল্মসের ব্যবস্থাপক কাওসার আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আন্তর্জাতিক উৎসবে আগামী ৭ সেপ্টেম্বর কলকাতার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ ‘নন্দন’-য়ে প্রদর্শিত হবে তানভীর মোকাম্মেল নির্মিত প্রামাণ্যচিত্র “মতুয়ামঙ্গল” (The Saga of the Motuas)।
সময়ের অভাবে তানভীর মোকাম্মেল স্বয়ং এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারছেন না। তবে তাঁর নির্মিত এই গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্রটি নন্দনের পর্দায় দর্শকদের সামনে তুলে ধরা হবে, যা মতুয়া সম্প্রদায়ের ইতিহাস, জীবন ও দর্শনকে গভীরভাবে অনুসন্ধান করেছে।
১০৫ মিনিট দৈর্ঘ্যের “মতুয়ামঙ্গল” ছবিটার চিত্রগ্রহণের কাজ করেছেন রাকিবুল হাসান, সম্পাদনা করেছেন মহাদেব শী, শিল্প নির্দেশনায় ছিলেন উত্তম গুহ, আবহসঙ্গীত করেছেন সৈয়দ সাবাব আলী আরজু, ভাষ্যপাঠ করেছেন চিত্রলেখা গুহ এবং সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সন্দীপ মিস্ত্রী, অপরাজিতা সঙ্গীতা, ওয়াসিউদ্দীন আহমেদ টিটো ও সোহেল আহমেদ। গবেষণা, চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল।




