ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাঅক্টোবরে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তান

অক্টোবরে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তান

বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই সিরিজ। ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট এবং জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টিও খেলবে আফগানিস্তান।

আজ (৮ সেপ্টেম্বর) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৩ অক্টোবর। এরপর ১৭ থেকে ২৩ অক্টোবর হবে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ত্রিদেশীয় সিরিজে তিন দলই একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে।

ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ অক্টোবর, ২৯ অক্টোবর ও ১ নভেম্বর। এরপর দুই দলের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে ৫ থেকে ১৭ নভেম্বর। সিরিজের সব ম্যাচই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

আসন্ন সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি। ক্রিকবাজকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘জিম্বাবুয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সফর। তিন ফরম্যাটেই আমাদের খেলোয়াড়দের উচ্চমানের প্রতিযোগিতার সুযোগ দেবে এই সফর।’

তিনি আরও বলেন, ‘ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে দুটি শক্তিশালী দলের বিপক্ষে আমাদের পরীক্ষা হবে। একই সঙ্গে দুটি টেস্ট বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা দীর্ঘ সংস্করণে আরও নিয়মিত খেলার সুযোগ পাওয়ার চেষ্টা করছি। এই আয়োজনের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে এবং সহযোগিতার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর একটি সফরের অপেক্ষায় আছি।’

এদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান মনে করেন, ভিন্ন ভিন্ন ফরম্যাটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা আফগান খেলোয়াড়দের জন্য মূল্যবান প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা তৈরি করবে। তার ভাষায়, ‘ভিন্ন ভিন্ন ফরম্যাটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা আমাদের খেলোয়াড়দের মূল্যবান প্রতিযোগিতামূলক সুযোগ দেবে এবং আমাদের সমর্থকদের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের একটি রোমাঞ্চকর সময় উপহার দেবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের জাতীয় দলকে নিয়মিত উচ্চমানের আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ করে দিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে আমাদের সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব দিই এবং এই গুরুত্বপূর্ণ সফরগুলো আয়োজন সম্ভব করতে তাদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।’

ত্রিদেশীয় সিরিজের সূচি

  • ১৭ অক্টোবর- বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
  • ১৯ অক্টোবর- আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে
  • ২১ অক্টোবর- আফগানিস্তান বনাম বাংলাদেশ
  • ২৩ অক্টোবর- ফাইনাল
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular