নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ১১ কর্মকর্তাকে পদোন্নতি, বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছেন সরকার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। আদেশগুলো জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
প্রথম প্রজ্ঞাপনে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর সায়েদুর রহমান ও ইকবাল হোসেনকে পুলিশ অধিদপ্তরে এবং কামরুল আহসানকে বিশেষ শাখায় পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল করা হয়েছে। বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে এবং একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি করা হয়েছে।-
দ্বিতীয় প্রজ্ঞাপনে ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জে এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশ এবং সিদ্দিকী তানজিলুর রহমানকে বিশেষ শাখার ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এতে পুলিশের ইউনিটে প্রশাসনিক সমন্বয় ও নেতৃত্ব আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।




