জামালপুর প্রতিনিধি : সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুরে বাংলাদেশ দলিল লেখক সমিতির জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমিতির নেতারা বলেন, ভূমি ব্যবস্থাপনা ও জমির দলিল নিবন্ধন প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতি চালুর ফলে দলিল লেখকদের পেশাগত ক্ষেত্রে পরিবর্তন আসছে। এ পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দলিল লেখকদের পেশা ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
সমাবেশে বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নের অংশ হিসেবে জমির দলিল নিবন্ধনসহ বিভিন্ন সেবা ডিজিটাল পদ্ধতিতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রচলিত পদ্ধতিতে কাজ করা দলিল লেখকদের একটি অংশ পেশাগত অনিশ্চয়তায় পড়তে পারেন। তাই ডিজিটাল ভূমিসেবা চালুর পাশাপাশি দলিল লেখকদের জন্য প্রশিক্ষণ ও পেশাগত সুযোগ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা ও শাখায় একই দিনে কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে জামালপুরেও এ সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জামালপুর জেলা শাখার সভাপতি আরজু আকন্দ। সঞ্চালনা করেন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন।
সমাবেশে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।




