সৈয়দ নুরুল্লাহেল সাদেক : জামালপুরের শহীদ জিয়াউর রহমান কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়মশৃঙ্খলা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি সময়ের সদ্ব্যবহার, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্ব দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই আমাদের আগামী দিনের স্বপ্ন ও ভবিষ্যৎ। মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নষ্ট করার পাশাপাশি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদককে সব সময় “না” বলতে হবে।’
তিনি আরও বলেন, মাদকাসক্ত বন্ধু বা সহপাঠীকে ঘৃণা না করে তাকে সচেতন করে সুস্থ জীবনে ফিরতে সহযোগিতা করতে হবে। একজন আদর্শ শিক্ষার্থীর পরিচয় শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। সততা, শৃঙ্খলা, সহমর্মিতা, দায়িত্ববোধ এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়েও তা প্রকাশ পায়।
কলেজের অধ্যক্ষ এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদ বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সময়। তাই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়মকানুন অনুসরণ করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল আচরণ অর্জন করাও জরুরি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠ অনুশীলন, শিক্ষকদের পরামর্শ অনুসরণ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে হবে। কোনো ধরনের অনিয়ম, মাদক বা অসামাজিক কর্মকাণ্ডে জড়ানো যাবে না।
কলেজের অধ্যক্ষ এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ফাহমিদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি চিকিৎসক এ.এ.এম. আবু তাহের, সদস্য লোকমান আহমেদ খান লোটন ও শহীদুল হক খান দুলাল।
বক্তারা বলেন, উচ্চমাধ্যমিক শিক্ষাজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে পড়াশোনার পাশাপাশি জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।
পরে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।




