নিউজ ডেস্ক: নদী বাঁচলে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং দূষণ রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর পাড়ে বাংলাদেশ নোঙর আয়োজিত রিভার ক্যাম্পের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
রিভার ক্যাম্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রী তেঁতুলিয়ার পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি নদী ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় গুরুত্বারোপ করেন। এ সময় তিনি রিভার ক্যাম্পের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, নদী ও পানির প্রবাহ রক্ষা এবং নদীদূষণ রোধে নোঙরের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তেঁতুলিয়ার মহানন্দা নদীর পাড় থেকে শুরু হওয়া এ কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগকে তিনি স্বাগত জানান।
বাংলাদেশ নোঙরের সভাপতি সুমন শামস বলেন, দেশের সর্বউত্তরের তেঁতুলিয়ার মহানন্দা নদীর প্রথম পয়েন্ট থেকে রিভার ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলার নদ-নদীকে কেন্দ্র করে এ কর্মসূচি পরিচালনা করা হবে। তেঁতুলিয়া থেকে সেন্টমার্টিন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সুমন শামস। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ এবং নোঙর রিডার পঞ্চগড়ের আহ্বায়ক সরকার হায়দারসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও নোঙরের সদস্যরা।



