ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeকৃষিমা ইলিশ রক্ষায় পদ্মায় অভিযান

মা ইলিশ রক্ষায় পদ্মায় অভিযান

শরীয়তপুর প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড। পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা আইনত নিষিদ্ধ। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় পদ্মা নদীর দুলারচর, বাঘাবাড়ীর খাল, বোরকাটি, মরিচাকান্দি, কাচিকাটা, মোল্লাবাজার ও গাজীরটেক এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় নদী থেকে এক লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলার চেয়ারম্যান স্টেশন ঘাটে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযানে এক লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ শেষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular