তৌফিকুল হক, রায়পুরা (নরসিংদী) : ‘রান ফর বাংলাদেশ, রান ফর সেফটি’ স্লোগানে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রায়পুরা ম্যারাথন-২০২৬। এতে দেশি-বিদেশি প্রায় এক হাজার দৌড়বিদ অংশ নেন। তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এ ম্যারাথনে ৪২, ২১ ও ১০ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়।
শুক্রবার ভোর ৪টা ২০ মিনিটে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ম্যারাথনের উদ্বোধন করেন। পরে পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাটাগরির দৌড় শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার বায়োজিত বিন মনসুর, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রতিযোগিতায় ৪২ কিলোমিটার ক্যাটাগরিতে ৩ ঘণ্টা ১১ মিনিট সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন মইনুল হাসান। ২১ কিলোমিটার ক্যাটাগরিতে ১ ঘণ্টা ৫০ মিনিটে প্রথম হন মো. জাফর উদ্দিন। অন্যদিকে, ১০ কিলোমিটার ক্যাটাগরিতে ৩৯ মিনিটে দৌড় শেষ করে প্রথম স্থান অর্জন করেন জাকির হোসেন।
সকাল ১১টার দিকে ম্যারাথন শেষ হলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের হাতে নগদ অর্থ, উপহার ও সনদ তুলে দেওয়া হয়।
ম্যারাথনটি সার্বিকভাবে পরিচালনা করেন মো. সবুজ শিকদার। পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে রায়পুরা ম্যারাথন-২০২৬-এর সমাপ্তি ঘোষণা করা হয়।




