নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশের পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো। আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ হয়নি।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, মন্ত্রণালয়ের সম্মতি পেলেই ফল প্রকাশের নির্দিষ্ট দিন চূড়ান্ত করা হবে। দ্রুত ফল প্রকাশে খাতা মূল্যায়নের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। অধিকাংশ বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে পরীক্ষাকেন্দ্র ছিল ২ হাজার ৬৯৭টি।
এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।-
ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের অপেক্ষা এখন শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের দিকে। অনুমোদন মিললেই ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে জানাবে শিক্ষা বোর্ড।



