চরআড়ালিয়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ
মো. তৌফিকুল হক, রায়পুরা (নরসিংদী) : নরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। গত ২০ অক্টোবর উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাকান্দি কাজীবাড়ি ঈদগাহসংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুকের নির্দেশনায় রায়পুরা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়োজিদ বিন মনসুরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) এ টি এম ফরিদুল আলমসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মো. ইসমাইল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাকান্দি এলাকার বাসিন্দা। তাঁর দেওয়া তথ্য ও দেখানো মতে, তাঁর মায়ের বসতঘরের চালের ড্রাম থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর নিজের বসতঘর থেকে আরও একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২১ অক্টোবর রায়পুরা থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিক মাহমুদ জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



