ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিবেতাগীতে মিনি পোশাক কারখানা, খুলছে সম্ভাবনার দ্বার

বেতাগীতে মিনি পোশাক কারখানা, খুলছে সম্ভাবনার দ্বার

নিউজ ডেস্ক:  বরগুনার বেতাগীতে গড়ে উঠেছে একটি মিনি (ক্ষুদ্র) পোশাক কারখানা। এতে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। উদ্যোক্তাদের নিজস্ব উদ্যোগে ও স্থানীয় পুঁজিতে গড়ে উঠা এই মিনি পোশাক কারখানা নারী ও যুবকদের স্বাবলম্বী করার ক্ষেত্রে অবদান রাখছে।

বরগুনা-বেতাগী আঞ্চলিক সড়ক ঘেঁষে উপজেলা সদর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে গ্রামীণ জনপদ বুড়ামজুমদার ইউনিয়নের কাজীর হাটের তুলতলা এলাকায় ‘গ্রিন লিভ ফ্যাশন’ নামে এই ছোট পোশাক কারখানা গড়ে উঠেছে।

পোশাক কারখানা সূত্রে জানা গেছে, ২০২৫ সালে কারখানাটি যাত্রা শুরু করলেও এ বছর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। স্থানীয় তরুণ ও নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করে দিয়েছে এটি। কারখানায় কর্মরত ২৫ জন পোশাক শ্রমিকের মধ্যে যুবকদের পাশাপাশি বিধবা, তালাকপ্রাপ্ত, প্রতিবন্ধী ও অনগ্রসর নারীরা রয়েছেন।

পোশাক কারখানার শ্রমিক মনিরুল ইসলাম (৪০) বলেন, শহরে না গিয়ে নিজ এলাকাতেই কাজের সুযোগ পাওয়ায় গ্রামীণ মানুষের জন্য এটি আয়ের একটি নতুন ক্ষেত্র। এর ফলে মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা কমে আসবে।

পোশাক কারখানায় কর্মরত শ্রমিক তানিয়া বেগম (৪৬) বলেন, এখানে অসহায় গ্রামীণ নারীরা কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন এবং আমার মতো এলাকায় বসেই অর্থ উপার্জন করতে পারছি।

পোশাক শিল্পে কর্মরত রোকসানা আক্তার (৩৫) জানান, গ্রামীণ নারীরা যারা আগে ঢাকা, গাজীপুর, চট্টগ্রামের মতো বড় শিল্পাঞ্চলে গিয়ে কাজ করতে পারতেন না, তারা এখন বাড়ির কাছেই কাজ পাচ্ছেন।

বেতাগী বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বরুন কৃষ্ণ কর্মকার জানান, বিভিন্ন উৎসব কেন্দ্র করে আগামীতে স্থানীয় বাজারে এই মিনি কারখানার তৈরি পোশাকের বিপুল চাহিদা বাড়বে।

সুশাসনের জন্য নাগরিক বেতাগী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মহসীন খান বলেন, ক্ষুদ্র পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, কারখানায় যুক্ত করা কর্মীদের আধুনিক সেলাই ও ডিজাইনের ওপর উন্নত প্রশিক্ষণ প্রদান, উৎপাদিত পোশাক সহজে বড় শহরে বা বাজারে নেওয়ার মতো উন্নত বিপণন ব্যবস্থা এবং সরকারি-বেসরকারি সঠিক পৃষ্ঠপোষকতা না পেলে এর প্রসার কঠিন হয়ে পড়বে।

গ্রিন লিভ ফ্যাশনের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেন বলেন, যদি সরকারি-বেসরকারি ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা পাওয়া যায়, তবে ক্ষুদ্র এই কারখানাটি আরও বড় পরিসরে নিয়ে যাওয়া সম্ভব বলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন বলেন, গ্রামীণ জনপদে মিনি পোশাক কারখানা এ এলাকায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এতে শহরের দিকে কাজের সন্ধানে মানুষের ছুটে যাওয়ার প্রবণতা কমবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular