নিউজ ডেস্ক: কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওই বৈঠকে পাঠানোর জন্য রোববার তাকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের উদ্দেশ্যসাধনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরকে পূর্ণমন্ত্রীর কর্তৃত্ব দেওয়া হয়েছে।
রুলস অব বিজনেসের ৪(৩) ধারা অনুযায়ী তাকে এই কর্তৃত্ব দেওয়ার কথা বলা হয় আদেশে।
কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী থাকাবস্থায় প্রধানমন্ত্রীর অনুমোদনে কোনো প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীকে নির্দিষ্ট কোনো দায়িত্ব দেওয়ার নিয়ম রয়েছে ওই ধারায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আগামী ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক অনুষ্ঠিত হবে।
গত ১৭ ফেব্রুয়ারি গঠিত বিএনপির নতুন সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় সংক্রান্ত হাই রিপ্রেজেন্টিটিভের দায়িত্ব পালন করা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ওই সময় বিএনপির যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবিরকে নিজের উপদেষ্টা করে পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তিনি।
এরপর জুনে জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নির্বাচিত হওয়ার প্রেক্ষাপটে মন্ত্রিসভায় পরিবর্তন আসে।
২১ অগাস্ট শপথ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হন হুমায়ুন কবির। এরপর হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসাবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।
অগাস্টের শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘে সাধারণ অধিবেশনের দায়িত্ব নিতে যাওয়ার পর থেকে তার বেশিরভাগ দায়িত্ব হুমায়ুন কবিরই পালন করে আসছেন।



