নিউজ ডেস্ক: মিশিগানের ডেট্রয়েটে নির্বাচনী সভায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্র্যাট সিনেটর প্রার্থী আবদুল এল-সাইয়েদ ও গভর্নর প্রার্থী জোসেলিন বেনসনের প্রতি সমর্থন জানান।
মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদকে সমর্থন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বক্তব্য রাখেন।
রোববার তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে সিনেটর পদে এল-সাইয়েদের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স। এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে বিশ্লেষকরা আভাস দিয়েছেন।
ওই নির্বাচনকে সামনে রেখেই ডেমোক্রেটিক দলের এই মুসলিম প্রার্থীর প্রতি সমর্থন জানান সাবেক প্রেসিডেন্ট ওবামা। শনিবার ডেট্রয়টের ক্যাস টেকনিক্যাল হাইস্কুলে প্রায় ৪ হাজার ৩০০ সমর্থকের সামনে এক সমাবেশে তিনি এই সমর্থনের কথা জানান।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত প্রসঙ্গ টেনে ওবামা বলেন, আবদুল প্রকৃত পরিবর্তনের জন্য লড়ছেন। এমন পরিবর্তন, যা এই যুদ্ধের অবসান ঘটাবে।
রাজনীতিতে অর্থের প্রভাব কমানো এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর বিষয়ে এল-সাইয়েদের প্রস্তাবেরও প্রশংসা করেন ওবামা।
তিনি বলেন, ২০১০ সালের অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট দিয়ে আমরা যে কাজ শুরু করেছিলাম, এই প্রার্থী তা সম্পন্ন করবেন।
এল-সাইয়েদের ধর্মীয় পরিচয় এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তার কথিত সম্পর্ক নিয়ে রিপাবলিকানদের আক্রমণের বিরুদ্ধে অবস্থান নেন ওবামা।
এল-সাইয়েদ এসব অভিযোগ অস্বীকার করেছেন। এমন সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণও সামনে আসেনি।
২০০৭ ও ২০১১ সালে নিজের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় তার পরিচয় ও ধর্ম নিয়ে ছড়ানো মিথ্যা দাবির সঙ্গে এল-সাইয়েদের বিরুদ্ধে চালানো আক্রমণের মিল খুঁজে পেয়েছেন বলে জানান ওবামা।
ওবামা বলেন, এই সিনেমা আমরা আগেও দেখেছি। আমি নিজেই তাতে মূল অভিনেতা ছিলাম।
তিনি যোগ করেন, এসব আমার ক্ষেত্রে কাজ করেনি। মিশিগানে আবদুলের ক্ষেত্রেও এগুলো কাজ করবে না।



